কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধর্মপুর রেলগেট এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে ওয়ারেন্টভুক্ত আসামি আটক অভিযানের সময় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ধর্মপুর এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় ওয়ারেন্টভুক্ত আসামি মো. রবিনের কাছে একটি ছুরি পাওয়া গেলে তাকে আটক করা হয়। এরই মধ্যে স্থানীয় মাদক ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। হামলার এক পর্যায়ে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।
ইট-পাটকেল নিক্ষেপে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তিন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে আটকের সময় স্থানীয় মাদক ব্যবসায়ীরা উত্তেজনা ছড়িয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলার পর রবিন পালিয়ে যায়। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে, পরে বিস্তারিত জানানো হবে।”