ফরিদপুর প্রতিনিধি:
“নারীর জয়ই সকলের জয়”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বর্ণাঢ্য নারী সমাবেশ। শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার শহীদ আকরামুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে নগরকান্দা মহিলা দল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার।
বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, “নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া কোনো দেশের গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ অপরিহার্য।” একইসঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামছুর নাহার রেভা, এবং পৌর মহিলা দল নেত্রী কানিজ শাহারিদা। বক্তারা নারীর ক্ষমতায়ন, রাজনৈতিক অধিকার, নিরাপত্তা এবং সমাজ পুনর্গঠনে নারীর সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন স্তরের নেত্রী ছাড়াও স্থানীয় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ।