মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর উপজেলায় প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে প্রকাশ্যে অপমান-অপদস্ত করার জেরে সুমাইয়া আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শুক্রবার (২১ নভেম্বর) মাদারীপুর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে জানাজা শেষে আলেপুর গ্রামের পারিবারিক কবরস্থানে সুমাইয়াকে দাফন করা হয়। নানাবাড়িতেই থাকতেন সুমাইয়া। তার বাবার নাম আবুল হোসেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সুমাইয়ার সঙ্গে রিফাত উকিল নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর রিফাতকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সুমাইয়ার বাড়িতে যান। সেখানে সুমাইয়া ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান করেন তিনি।
পরিবারের দাবি, প্রকাশ্যে এ ধরনের অপমান সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে সুমাইয়া। অপমানের যন্ত্রণা সইতে না পেরে ওইদিন রাতেই নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
নিহতের বাবা আবুল হোসেন বলেন, “ইব্রাহিম মাদবর ও তার লোকজন আমার মেয়েকে যে অপমান করেছে, তা কোনোভাবেই সইবার মতো ছিল না। সেই অপমানের যন্ত্রণায়ই সে আত্মহত্যা করেছে। আমি আমার মেয়ের মৃত্যুর সঠিক বিচার চাই।”
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”