নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত বারহাট্টা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহাম্মদ কমলের সঞ্চালনা এবং সভাপতি মোস্তাক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ারুল হক।
সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতাদের পরিচয় তুলে ধরা হয় এবং ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠনের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী নুরুজ্জামান নূরু, সাবেক সহ-সভাপতি শামসুল আলম মারুফ, সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শফিকুল কাদের সুজা, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিল্কি, অ্যাডভোকেট রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ারুল হক বলেন, “সকল হিংসা-বিভেদ ভুলে তৃণমূলসহ সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক দেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
সভায় আগামীর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলের গতিশীলতা বাড়ানো এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীর সঙ্গে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য। সভা শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।