কুমিল্লা প্রতিনিধি :
যমুনা টিভির কুমিল্লা ব্যুরো চীফ খোকন চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে কুমিল্লায় সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে খোকন চৌধুরী বলেন, কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভের সংবাদ প্রচারকে কেন্দ্র করে ‘গফুর ভূইয়া মিডিয়া সেল’ নামক একটি ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও ৭১ টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জনকণ্ঠের কুমিল্লা স্টাফ রিপোর্টার মীর শাহ আলম, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মো. শহীদুল্লাহ, প্রথম আলোর প্রতিনিধি আব্দুর রহমান, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একজন সাংবাদিককে হত্যার হুমকি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অভিযোগের চার দিন পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসনের কোনো উদ্যোগ না নেওয়াকে দুঃসাহসিক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তারা।
বক্তারা অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নাঙ্গলকোট থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান।