রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা উপজেলায় প্রথমবারের মতো কলা গাছ থেকে ফাইবার উৎপাদন শুরু হয়েছে। স্থানীয় চার তরুণ উদ্যোক্তা—শানাউল কবির (শামিম), আব্দুস সালাম, স্বপন ও হাসমত আলী (ময়না)—শখের বসে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন।

উদ্যোক্তারা মাঠ থেকে কলা গাছ সংগ্রহ করে প্রথমে গাছ কেটে কোষ ছাড়িয়ে নেন। এরপর আধুনিক মেশিনের মাধ্যমে কলার গাছ থেকে আঁশ বা ফাইবার বের করা হয়। পরে সেই আঁশ পানিতে ধুয়ে রোদে শুকিয়ে উচ্চমূল্যের ফাইবারে রূপান্তর করা হয়।

তারা জানান, কলা গাছের অপ্রয়োজনীয় অংশ ব্যবহার করেই এসব ফাইবার তৈরি করা সম্ভব। উৎপাদিত ফাইবার দিয়ে টুপি, ব্যাগ, দড়ি, জুতা ও বিভিন্ন পোশাক শিল্পে ব্যবহারযোগ্য পণ্য তৈরি করা যায়। পাশাপাশি ফাইবার বের করার পর মেশিনে থাকা কলা গাছের বর্জ্য বিশেষ জৈব সার হিসেবেও কাজে লাগানো হচ্ছে।

উদ্যোক্তারা আরও জানান, উদ্যোগটি সফল হলে এলাকার বহু বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে। বাঘা উপজেলায় প্রচুর কলা চাষ হওয়ায় কাঁচামালের কোনো অভাব নেই। ভবিষ্যতে এই ফাইবার আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হতে পারে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।