রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় অবস্থিত মর্ডান কসমেটিকস অ্যান্ড হারবাল লিমিটেডে র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে কারখানার একাধিক উৎপাদন ইউনিট, ব্যবহৃত কাঁচামাল, লেবেলিং ব্যবস্থা, সংরক্ষণাগার ও ওজন নির্ধারণ পদ্ধতি পরিদর্শন করেন র্যাব ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় ওজনে কম দেওয়া, ভেজাল পণ্য উৎপাদন, অনুমোদনবিহীন লেবেল ব্যবহার এবং লাইসেন্স ছাড়া তিনটি পণ্য উৎপাদন করার প্রমাণ পাওয়া যায়।
এ বিষয়ে পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, “পুঠিয়া উপজেলা প্রশাসন, র্যাব এবং ভোক্তা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়েছে। বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বানেশ্বর এলাকায় যেসব প্রতিষ্ঠান এখনও অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।”