ঢাকায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী শনিবার (২২ নভেম্বর) তিনি বাংলাদেশে পৌঁছাবেন। এই সফরকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেরিং টোবগে প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত আলাপও হতে পারে বলে জানা গেছে।

এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

ভুটানের প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) সই হতে পারে। এসব সমঝোতার মাধ্যমে বাংলাদেশ–ভুটান সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সরকারের আরও কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকারপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফর শেষে আগামী সোমবার (২৪ নভেম্বর) তিনি ঢাকা ত্যাগ করবেন।