কুড়িগ্রাম প্রতিনিধি :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আয়োজন করা হয় বৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ, গাছের চারা বিতরণ ও খাবার পরিবেশন কর্মসূচি। বৃহস্পতিবার দুপুরে নাগেশ্বরী উপজেলার কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কার্যক্রমে ৪ সহস্রাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন মাদরাসার প্রায় ৩ হাজার শিক্ষার্থী এবং অসহায়-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএস মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক, কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা. মো. ইউনুস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, মোজাম্মেল হক, নাজির হোসেন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, একেএম আশরাফ হোসেন আপেলসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

সাংবাদিকদের সাথে আলাপকালে ডা. ইউনুস আলী বলেন, “আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনে ভূমিকা রাখবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের যেকোনো ডাক এলে কুড়িগ্রাম-১ আসনের জনগণকে সঙ্গে নিয়ে আমরা মাঠে থাকব এবং বিজয় ছিনিয়ে আনব।”

তিনি আরও বলেন, “কুড়িগ্রাম-১ আসনের মানুষের পাশে দীর্ঘদিন ধরে কাজ করছি। বিএনপির উচ্চপর্যায়ের নীতিনির্ধারকরা সুযোগ দিলে এ এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে আরও বিস্তৃতভাবে কাজ করতে চাই।”

এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।