রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী নগরীর রাজপাড়া এলাকা থেকে ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে জড়িত একটি সাইবার অপরাধ চক্রের অন্যতম সদস্য নাজমুস সাকিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, আটক সাকিব দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ছিল। তারা বিভিন্ন মানুষের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অবৈধভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করত এবং পরে ভুক্তভোগীদের পরিচিতদের কাছে টাকা দাবিসহ নানা প্রতারণা করত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব স্বীকার করেছে যে, পলাতক সহযোগীদের সঙ্গে মিলেই সে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপ হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।

আটক নাজমুস সাকিবকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। র‌্যাব জানায়, সাইবার প্রতারণা রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।