রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজশাহীর আদালত চত্বর থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দাওকান্দি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোজ্জামেল হক (৫৯) এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও একই কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন (৫৭)।

জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, গত বছর চক জয়কৃষ্ণপুর এলাকার শাহাদত হোসেন নামে এক ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার তদন্তে মোজ্জামেল হক ও আব্দুল মতিনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মেলে। এরপর ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করে।

মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখযোগ্যভাবে, এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন রাজশাহী-৫ আসনের সাবেক সাংসদ ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ এবং পৌরসভার সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠুসহ আরও অনেকে