কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশনে মিয়ামী পরিবহনের একটি বাসের ধাক্কায় কবির হোসেন (৪২) নামে এক ড্রামট্রাক চালক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কুটুম্বপুর এলাকায়।

নিহত কবির হোসেন মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কবির হোসেন বাড়ি থেকে বের হয়ে তার ট্রাকের দিকে যাচ্ছিলেন। ট্রাকটি কুটুম্বপুর স্টেশনে পার্কিং করা ছিল। তিনি রাস্তার বিভাজন পার হওয়ার সময় দ্রুতগামী মিয়ামী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে।

স্থানীয়রা জানান, মহাসড়কের ওই অংশে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে, তাই এলাকাবাসী দ্রুত গতিনিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন।