লালমনিরহাট প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “লালমনিরহাট সীমান্তের ৬২ কিলোমিটার এলাকা ভারত দখল করেছে” — এমন গুজব সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংস্থাটি জানিয়েছে, সীমান্তে কোথাও কোনো অনুপ্রবেশ বা দখলের ঘটনা ঘটেনি এবং পুরো এলাকা এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী ইমাম বলেন, “ফেসবুক ও ইউটিউবে প্রচারিত এসব ভুয়া তথ্য সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বাস্তবে সীমান্তে পরিস্থিতি স্থিতিশীল, দেশের এক ইঞ্চি মাটিও অন্যের হাতে যেতে দেব না।”
তিনি আরও জানান, সীমান্তের কোনো অংশ থেকে সদস্য সরানো হয়নি; বরং টহল জোরদার করা হয়েছে এবং কাটাতারবিহীন এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, লালমনিরহাট জেলার ভারতের সঙ্গে মোট সীমান্তের দৈর্ঘ্য ৩৬০.১১ কিলোমিটার, যার মধ্যে ৭৪.৬৬ কিলোমিটার এলাকায় এখনও কাটাতার স্থাপন হয়নি। এই অংশগুলোতে বাড়তি নজরদারি অব্যাহত আছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্তে পরিস্থিতি একদম স্বাভাবিক।
দূর্গাপুরের কৃষক সহিদার রহমান বলেন, “প্রতিদিন মাঠে কাজ করি, কোথাও কোনো অস্বাভাবিকতা দেখিনি।”
মোগলহাটের কৃষক দবিয়ার রহমানের মতে, “কিছু ভারতীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে।”
নন্দ্রপুরের বাসিন্দা আব্দুল জলিল জানান, “বিজিবির টহল আগের মতোই চলছে, কোনো দখল বা উত্তেজনা নেই।”
লে. কর্ণেল মেহেদী ইমাম জানান, গুজব ছড়ানোর পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে এবং সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
বিজিবি স্পষ্ট করেছে—দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না।