চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৫৩ বিজিবি’র একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মনাকষা বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রাম দিয়ে নেশাজাতীয় ট্যাবলেট পাচারের তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে টহলদল একটি মোটরসাইকেলে করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আসতে দেখে থামার সংকেত দেয়। কিন্তু তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল মোটরসাইকেলের ব্যাগ তল্লাশি করে ভারতীয় ৪,৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এর বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা। বিজিবি জানায়, ট্যাপেন্টাডল মূলত ব্যথানাশক হলেও বর্তমানে এটি নেশাজাতীয় ট্যাবলেট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় এর প্রবণতা বেড়েছে।

উদ্ধারকৃত ট্যাবলেট ও মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে