পটিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের খলীল সওদাগরের বাড়ির যুবলীগ নেতা আবচার উদ্দিন ওয়াসীম তাঁর বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নিতে ৬ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন পুলিশ আবচার উদ্দিন ওয়াসীমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে তাঁর বাবা মরহুম ফজল আহমদ সওদাগর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাবার জানাজায় অংশ নিতে জেলা প্রশাসকের কাছে প্যারোলের আবেদন করলে প্রশাসন মানবিক কারণে ৬ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়। পরদিন মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে হাতকড়া পড়া অবস্থায় কড়া পুলিশ পাহারায় ওয়াসীম নিজ বাড়িতে এসে বাবার জানাজায় অংশ নেন।

দীর্ঘ পাঁচ মাস পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হলে এলাকাজুড়ে শোকের আবহ নেমে আসে। কান্নার ধ্বনিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াসীম পটিয়া যুবলীগের সক্রিয় নেতা। তাঁর বিরুদ্ধে পটিয়া থানায় ৬টি, চট্টগ্রাম কোতোয়ালি থানায় ১টি ও ডবলমুরিং থানায় ২টি রাজনৈতিক মামলা রয়েছে।

আবচার উদ্দিন ওয়াসীম বলেন, “আমরা ৫ ভাইয়ের মধ্যে আমি সবার বড়। বড় ছেলে হয়ে বাবার সেবা করতে পারলাম না। দোয়া করবেন, আমি যেন দ্রুত মুক্তি পাই।”

পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, “বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশ কঠোর নিরাপত্তা দিয়ে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেয় এবং নির্ধারিত সময় শেষে তাঁকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।”