বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সদর ইউনিয়নের ঝোপখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের রূপাতলী থেকে বেতাগীর উদ্দেশ্যে ছেড়ে আসা হামদন লিল্লাহ নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে পুঠিয়াখালী এলাকায় প্রবেশ করলে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন।
গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”