কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা আক্তার রীমাকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. জিয়াউদ্দিন নাসিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউদ্দিন নাসির আদালতে উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ভিকটিমের ভাসুর মো. মহিউদ্দিন মাসুম ও জা শাহনাজ বেগমকে বেকসুর খালাস দেন আদালত। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইউসুফ আলী।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় জিয়াউদ্দিন নাসিরের ঘরে তার স্ত্রী আয়েশা আক্তার রীমার রহস্যজনক মৃত্যু হয়। তখন রীমা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পর স্বামীপক্ষ দাবি করে, পারিবারিক কলহের জেরে রীমা আত্মহত্যা করেছেন।
তবে রীমার বাবা মো. বাহার মিয়া পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে অভিযোগ এনে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। বিচার প্রক্রিয়ায় আদালতে প্রমাণিত হয় এটি আত্মহত্যা নয়, বরং একটি হত্যাকাণ্ড।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, “স্বাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। এর মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে।”