শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের তিন সংরক্ষিত মহিলা সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

যোগদানকারী জনপ্রতিনিধিরা হলেন— শিল্পী আক্তার (সংরক্ষিত মহিলা সদস্য, ১, ২ ও ৩ নং ওয়ার্ড), খাদিজা (সংরক্ষিত মহিলা সদস্য, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) এবং সুলতানা পারভীন (সংরক্ষিত মহিলা সদস্য, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড)।

অনুষ্ঠানে ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে বিএনপির প্রতি জনগণের আস্থা বাড়ছে। এই তিন জনপ্রতিনিধির যোগদান আমাদের আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও শক্তিশালী করবে।”

তিনি আরও বলেন, “স্থানীয় সরকার পর্যায়ে সৎ ও দক্ষ জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বিএনপিকে আরও জনমুখী ও সংগঠিত করবে।”

নবযোগদানকারী সদস্যারা জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনিয়ম, বৈষম্য এবং মতপ্রকাশের সীমাবদ্ধতা তাদের নতুন করে চিন্তা করতে বাধ্য করেছে। তাই বিএনপির গণতান্ত্রিক আদর্শে আস্থা রেখে তারা দলটিতে যোগ দিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আবু জাফর সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন