চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও একটি বাইসাইকেল আটক করেছে।
জানা যায়, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সর্বদা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের কয়লা বাড়ি মোড় হতে ২০০ গজ পশ্চিমে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।
অভিযানে টহল দল মালিকবিহীন অবস্থায় Tapentadol নামক ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং একটি বাইসাইকেল আটক করে। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বর্তমানে আটককৃত ট্যাবলেটগুলো জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রতিবেশী দেশ থেকে যে কোনো ধরনের মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বদা সজাগ রয়েছে।”