কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষকদের ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে কর্মরত শিক্ষকরা রবিবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন। শিক্ষকরা কলেজে উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত রয়েছেন।

কর্মবিরতির কারণে ১৬ ও ১৭ নভেম্বর নির্ধারিত একাদশ শ্রেণির ক্লাস টেস্ট (সিটি-১) এবং দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. এনায়েত বারী এ সংক্রান্ত নোটিশ জারি করেছেন।

একাদশ শ্রেণির ছাত্র সজিব বলেন, “আজ আমাদের সিটি-১ পরীক্ষা ছিল। কলেজে এসে জানতে পারি রবিবার ও সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, নতুন সময়সূচি পরে জানানো হবে।”

হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক দীপক বল্লভ বলেন, “আমি ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে যোগদান করেও আজ পর্যন্ত পদোন্নতি পাইনি। অন্য ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীরা বহু আগেই প্রমোশন পেয়েছেন। এজন্য আমরা অনতিবিলম্বে পদোন্নতির ডিপিসি সভা সম্পন্ন করা, ৩৭তম ব্যাচ পর্যন্ত ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি ও সুপারনিউমারারি পদ সৃষ্টির দাবি জানাচ্ছি।”

অধ্যক্ষ অধ্যাপক ড. মো. এনায়েত বারী বলেন, “বিসিএসের অন্যান্য ক্যাডারে নিয়মিত পদোন্নতি হলেও শিক্ষা ক্যাডারে প্রভাষকরা ১০ থেকে ১৩ বছর ধরে পদোন্নতি বঞ্চিত হচ্ছেন। এই আন্দোলন যৌক্তিক, আমরা শিক্ষক হিসেবে আন্দোলনের প্রতি সহমর্মী।”

তিনি আরও জানান, “সরকার দ্রুত এই সমস্যা সমাধানে পদক্ষেপ নেবে বলে আমরা আশাবাদী।”