কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীতে নাশকতা ও সহিংসতা সৃষ্টির প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ২৯ জন নেতা-কর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রবিবার ভোর রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশে কুমিল্লায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে জানা যায়, সাবেক এমপি বাহারের মেয়ে সূচনার অর্থায়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতা-কর্মী ঝটিকা মিছিল ও সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশের বিশেষ টিম টমছমব্রীজ ও বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ মোট ২৯ জনকে আটক করে। এছাড়া জেলার অন্যান্য স্থান থেকেও আরও ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর। কেউ অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”