চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলশা মহিষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১৯তম বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সমিতির প্রাঙ্গণে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হেনা আতাউল হক কমল। সভাপতিত্ব করেন পলশা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু বকর।
সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয় প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোঃ রেজাউল হক এবং গত বছরের রেজুলেশন পাঠ করেন সম্পাদক মোঃ মেসবাউল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ আনিসুর রহমান, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) হযরত আলী মাষ্টার, এজাবুল হক মাষ্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভোটগ্রহণ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়। সমিতির মোট ভোটার ১,৪৫৪ জনের মধ্যে পুরুষ ভোটার ৮১০ ও নারী ভোটার ৬৪৪ জন। নির্বাচনে মোট ১২টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা সমবায় অফিসের উপপরিদর্শক মোঃ মতিউর রহমান এবং সদস্য হিসেবে ছিলেন প্রধান শিক্ষক আবুল কাশেম ও শিক্ষক নাইমুল হক।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে ছাতা প্রতীকে ৬৯৭ ভোট পেয়ে মোঃ ফজলে রাব্বি নির্বাচিত হন। সম্পাদক পদে মোরগ প্রতীকে ৬১০ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ আমিরুল ইসলাম। সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মজিবুর রহমান আনারস প্রতীকে ৫৫৮ ভোট পেয়ে পরাজিত হন।
সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোঃ আব্দুল মান্নান।
এছাড়া, মোঃ শামসুল আলম (ক্যাশিয়ার), মোঃ আবুবক্কার (রিক্সা প্রতীক, ৭২০ ভোট), মোঃ আব্দুস সামাদ (ফুটবল প্রতীক, ৭৬১ ভোট), মোঃ আবু তালেব (খেজুর গাছ প্রতীক, ৭২৭ ভোট), কেতাবুল হক (হরিণ প্রতীক, ৭১৬ ভোট), মোসাঃ তানিয়া খাতুন (কলস প্রতীক, ৮১৭ ভোট), মোসাঃ সুলতানা বেগম (হাতপাখা প্রতীক, ৭৩৮ ভোট), মোসাঃ রিনা (সেলাইমেশিন প্রতীক, ৬৬৮ ভোট), এবং মোসাঃ আয়েশা বেগম (আপেল প্রতীক, ৯৩০ ভোট) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে উপস্থিত অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং পানি ব্যবস্থাপনা সমিতির উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।