সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের রাধাবল্লভপুর চর গ্রামে ৪০/৪২ বছর ধরে ভোগদখলীয় খাস জমিতে বসবাসকারী প্রায় ৩০/৪০টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগীরা শুক্রবার বিকেলে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ৬ জন ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি বক্তব্য রাখেন। তারা জানান—দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে নদীর চরের খাস জমিতে তাদের বসবাস। কারো নিজস্ব এক শতক জমিও নেই। কিছুদিন আগে ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের রইচ উদ্দীন, জহির উদ্দীন, আবু সাইদ, নজরুল ইসলামের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল তাদের উপর হামলা চালায়। ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, সর্বস্ব লুটপাট করে তাদের নিঃস্ব করে দেওয়া হয়। এ ঘটনায় গুরুতর আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ৩২ জনের বিরুদ্ধে মামলা হলে আদালত ৩১ জনের জামিন বাতিল করেন।

পরে উভয় পক্ষের আপোষ-মীমাংসার ভিত্তিতে ভূমিহীন পরিবারগুলোকে পুনরায় নির্ধারিত জমিতে বসবাসের সুযোগ দেওয়া হয়। তবে গত বৃহস্পতিবার প্রভাবশালী মহলটি আবারো আপোষ অমান্য করে হামলা ও উচ্ছেদের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

আজিজুল ইসলাম জানান, নতুন করে আক্রমণ করে তাদের জমি দখলের ষড়যন্ত্র চলছে। এলাহি বক্স গাজী অভিযোগ করেন, তার ৭০/৭৫টি গাছ কেটে নেওয়া হয়েছে এবং নারীদের শ্লীলতাহানি করা হয়েছে। আজগর আলী বলেন, রইচ উদ্দীনরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে অত্যাচার চালাচ্ছে।

ঋষি পরিবারের ভুক্তভোগী সাগরিকা জানান, তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। “এক শতক জমিও আমাদের নেই, তাই খাস জমিতে থাকার অনুমতি চাই। সুবিচার প্রার্থনা করছি”—বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

এদিকে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের অফিসে আসার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
ভূমিহীন পরিবারগুলো দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।