চট্টগ্রাম মহানগর পুলিশের(সিএমপি)কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে১,০০,০০০(এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট,একটি প্রাইভেটকার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার(১৩নভেম্বর ২০২৫)সন্ধ্যায় মেরিনার্স রোডস্থ চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে চেকপোস্ট পরিচালনার সময় এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চৌধুরী, এসআই তারেকুল ইসলাম, এএসআই সোহেল আহাম্মদ ও এএসআই শাহ পরান জান্নাত ফোর্সসহ চেকপোস্ট ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কক্সবাজার থেকে একটি প্রাইভেটকারে করে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা ঢাকার উদ্দেশ্যে পরিবহন করছে।

পরবর্তীতে তারা চেকপোস্টে অবস্থান নিয়ে সন্দেহজনক প্রাইভেটকারটিকে থামার সিগন্যাল দেন। তবে গাড়ির চালক চেকপোস্ট থেকে কিছু দূরে গাড়ি থামিয়ে দ্রুত পালিয়ে যায়। যানজটের কারণে তাকে আটক করা সম্ভব না হলেও পুলিশ গাড়িটিকে হেফাজতে নেয়।

সেখানে উপস্থিত স্থানীয় জনগণ, প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সামনে প্রাইভেটকারটি তল্লাশি করে পিছনের ব্রেক ঢালার ভিতরে একটি কালো ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতর ১০টি বড় প্যাকেট এবং প্রতিটি বড় প্যাকেটের ভেতর থাকা ছোট ছোট প্যাকেট থেকে মোট১লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং পালিয়ে যাওয়া চালকের ফেলে যাওয়া মোবাইল ফোনও জব্দ করা হয়।

কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, পলাতক চালক ও গাড়ির মালিকদের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। তাদের গ্রেফতারের জন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ করা প্রাইভেটকার সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।