কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলার ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল অফিসার মুনতাসির মামুনের নেতৃত্বে বিশেষ অভিযানে সোনাতলী সাকিনে মোছাঃ জরিনা বেগমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— ভূরুঙ্গামারীর সোনাতলী গ্রামের জরিনা বেগম, জয়পুরহাটের পাঁচবিবি থানার ভিমরুল গ্রামের আনছারের ছেলে রবিউল, দিনাজপুরের হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর গ্রামের রশীদের মেয়ে গোলেজান, ফুলবাড়ী থানার গুচ্ছগ্রামের শওকত আলীর মেয়ে রুমি, এবং রংপুরের বদরগঞ্জ থানার বারুয়া গ্রামের শহিদুলের মেয়ে শাপলা।
পুলিশ জানায়, অভিযানে নগদ ৪৮ হাজার ৩০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ১৩টি কস্টেপ, ১টি কাঁচি এবং একটি ডিসকভার ১৩৫ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যদিও তাদের কাছে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি, তবে জিজ্ঞাসাবাদে তারা ভূরুঙ্গামারীতে আগমনের কারণ ও জব্দকৃত সামগ্রীর বিষয়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা পুলিশের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।