ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতাল সংলগ্ন ধোপার নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। এ অবস্থায় ব্রিজের নির্মাণকাজ দ্রুত শেষের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন, র্যালি ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
আজ ১০ নভেম্বর, সোমবার সকাল ১১টায়, ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধোপার নদীর পাশের সড়কের দুই পাশে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা জানান, ২০২১-২২ অর্থবছরে শুরু হওয়া ব্রিজটির নির্মাণ কাজ ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও আজও মাত্র ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদার কাজ ফেলে উধাও হয়ে যাওয়ায় ব্রিজটির কাজ বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন কাঠালিয়া উপজেলার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আমুয়া হাসপাতালের রোগী, আমুয়া বন্দর ও আশপাশের বাজারের হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ কাঠের পুরনো সেতু দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
এ সময় বক্তারা দ্রুত ব্রিজের কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের সভাপতি মো. মেহেদী হাসান, আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক, জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা আমির মাস্টার মো. মজিবুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার।