নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় মঞ্চস্থ হলো শিক্ষামূলক নাটক ‘চিটার’। বর্তমান সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে কংস থিয়েটারের আয়োজনে রোববার সন্ধ্যায় নাটকটি মঞ্চায়ন করা হয়। প্রদীপ সরকার শ্যামল রচিত ও নির্দেশিত এই নাটকটি দর্শকদের আবেগতাড়িত করে তোলে এবং সমাজ জীবনের বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের প্রতিফলন ঘটায়।
নাটকের শুরু থেকেই ফুটে ওঠে সমকালীন সমাজের নিপীড়িত মানুষের যন্ত্রণা, প্রতিবাদের প্রতীকী চিত্র, শব্দ, সংগীত ও অভিনয়ের অসাধারণ সমন্বয়। পুরো মঞ্চজুড়ে নাট্যকর্মীদের প্রাণবন্ত অভিনয় দর্শকদের মন জয় করে নেয়।
কংস থিয়েটারের সাধারণ সম্পাদক ও নাট্যকার প্রদীপ সরকার শ্যামল বলেন, “চিটার নাটকটি মানুষের যাপিত জীবনের আলো-আধাঁরির প্রতিচ্ছবি। এটি একটি শিক্ষামূলক নাটক যা সমাজে ইতিবাচক বার্তা দেয়।”
নাটক শেষে দর্শকরা জানান, “চিটার বর্তমান সমাজ ব্যবস্থার জীবন্ত প্রতিচ্ছবি। আমরা অনেকদিন পর এমন একটি বাস্তবধর্মী নাটক উপভোগ করলাম।”
কংস থিয়েটারের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ফারুক জানান, “এই নাটকটি কেবল বারহাট্টায় নয়, দেশের প্রতিটি জেলা শিল্পকলা একাডেমিতে ধারাবাহিকভাবে মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে।”
নাটকটি উপভোগ করেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, প্রেসক্লাব সভাপতি শামস উদ্দিন আহমেদ, ওসি কামরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ।