কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সদর উপজেলার মনাগ্রাম এলাকায় র্যাব-১১ এর বিশেষ অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকালে জেলার জগন্নাথপুর ইউনিয়নের মনাগ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মইনুদ্দিন (৪৪), তিনি কুমিল্লা সদর দক্ষিণ মডেল উপজেলার বড়চর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল সকালেই মনাগ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানে মইনুদ্দিনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে র্যাবের এই কার্যক্রম আরও জোরদার করা হবে।