মাদারীপুর প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সারোয়ার হোসাইন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার ৭১ উৎসব চাইনিজ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিবচর পৌর জামায়াতে ইসলামীর আমির বেলায়েত হোসেন, এবং সঞ্চালনা করেন শিবচর উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা তৌফিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও মাদারীপুর-১ (শিবচর) আসনের প্রার্থী সারোয়ার হোসাইন।
তিনি বলেন, “দেশে ন্যায়ভিত্তিক ও আদর্শনির্ভর নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী কাজ করছে। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই, যেখানে শান্তি, সমৃদ্ধি ও ইসলামী মূল্যবোধের বিকাশ ঘটবে।”
সারোয়ার হোসাইন আরও বলেন, “আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি। সাংবাদিকরা যেন স্বাধীনভাবে সত্য তুলে ধরতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রকাশ করা সাংবাদিকতার নৈতিক দায়িত্ব।”
তিনি দেশের সকল নাগরিকের ধর্ম-বর্ণনির্বিশেষে সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “মানবতার সেবা ও যোগ্য নেতৃত্ব গঠনের মাধ্যমে দেশ পরিচালনায় সক্ষমতা অর্জনই আমাদের লক্ষ্য। জামায়াতে ইসলামী এই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মজিবুর রহমান শিকদার, এবং শিবচরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মাধ্যমের সাংবাদিকবৃন্দ।