নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে পূর্ণিমা এপেক্স বৃত্তি পরীক্ষা। শনিবার সকালে এপেক্স বাংলাদেশের ৮৮তম ক্লাব এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের উদ্যোগে বেগমগঞ্জ ও সোনামুড়ি উপজেলার আটটি কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ পরীক্ষায় জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর বারোটায় শেষ হওয়া এই পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।
এপেক্স বাংলাদেশের সাবেক সেবা পরিচালক ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ক্লাবের সাবেক সভাপতি ডা. শরিফুল ইসলাম এর সার্বিক সহযোগিতায়, ক্লাব সভাপতি মো. শফি উদ্দিনের নেতৃত্বে এবং ক্লাবের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়।
ক্লাবের ফাউন্ডার সেক্রেটারি এপেক্সিয়ান মহসিন জানান, “পূর্ণিমা এপেক্স বৃত্তি পরীক্ষা মূলত গ্রামীণ পর্যায়ে শিক্ষার বিস্তারে সহযোগিতা করার জন্য চালু করা হয়েছে। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন করে বৃত্তি প্রদান করা হয়, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে।”
ক্লাবের সাবেক সভাপতি এপেক্সিয়ান ইয়াসিন সুমন বলেন, “শিক্ষাবিপ্লবে এপেক্স ক্লাব প্রতিবছরই এমন বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।”
গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপেক্সিয়ান নিজাম উদ্দিন বলেন, “শিক্ষা উন্নয়নে সমাজের প্রতিটি স্তরকে এগিয়ে আসতে হবে। গ্রামীণ মেধাবীদের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়।”
পরীক্ষায় অংশ নিতে আসা অভিভাবকরাও বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষা বিস্তারে বড় ভূমিকা রাখবে। তারা প্রতি বছর এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।