চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শনিবার সকাল ৯টা থেকে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয় এই শোভাযাত্রা, যা নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মোঃ নুরুল ইসলাম বুলবুল।
শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, “জনগণকে সাথে নিয়ে আধুনিক, নিরাপদ ও মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও উন্নয়নমুখী পরিবেশ সৃষ্টি করে এ জেলার কল্যাণে কাজ করবো ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন, “উত্তরবঙ্গের সবচেয়ে অবহেলিত জেলা চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে জনগণের সেবক হিসেবেই কাজ করতে চাই। আগামী নির্বাচনেও দাঁড়িপাল্লার পক্ষে জনগণ থাকবে বলে আমি আশাবাদী।”
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পৌরসভা পার্কে এসে শেষ হয়। পথে পথসভায় জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক মোঃ লতিফুর রহমান, জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুজার গিফারী, সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ এবং অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ প্রমুখ।