ভোলা প্রতিনিধি:
ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২৭৫ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা নবিপুর টাউন স্কুল মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন সুজন (৩০) নামে এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ২৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ হাজার ৩ শত টাকা।
গ্রেপ্তারকৃত সুজনের বাড়ি ভোলা সদর উপজেলার ভদ্রপাড়া নাজমা ক্লিনিক সংলগ্ন এলাকায়। তার পিতার নাম মোঃ বাবুল। জব্দকৃত মাদক ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোস্ট গার্ড ভোলা সদর থানায় হস্তান্তর করেছে।
এ বিষয়ে কোস্ট গার্ডের তথ্য প্রদানকারী ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”