গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার সকালে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নানা কর্মসূচির আয়োজন করেন।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার কালিয়াকৈর ট্রাক স্টেশন এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কার্যালয়ের শহীদ মিনারে এসে মিলিত হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদার এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ। আলোচনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি শামসুল আলম সরকার, উপজেলা বিএনপির সহ-সম্পাদক মিজানুর রহমান শেলীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অংশ নেন গাজীপুর জেলা, কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।
র্যালি শেষে মজিবুর রহমান বলেন, “১৯৭১ সালের ২৬শে মার্চ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। ৭ই নভেম্বর সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সংহতি গড়ে তুলেছিল। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে অনন্য। জনগণই তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল—এটি পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা।”