ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৩২) নামের এক র্যাব সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল–পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন র্যাব-৮ এর বরিশাল সদর ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের দক্ষিণ কাকড়াজান গ্রামের বাসিন্দা। জানা গেছে, তিনি শালার বিবাহ অনুষ্ঠানে অংশ নিতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালগামী “খান পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আনোয়ার হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

অটোচালকসহ আরও দুই যাত্রী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। চালককে আটক করার চেষ্টা চলছে। নিহত র্যাব সদস্যের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
দুপুরেই নিহত আনোয়ার হোসেনের জানাজা শেষে তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়।