কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয়ের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে বিজরা বাজার এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দলের দুই গ্রুপ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এ ঘটনায় জড়িয়ে পড়ে। ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের জায়গা ও পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। প্রভাবশালী কয়েকটি পক্ষ প্রতিষ্ঠানটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় শিক্ষানুরাগীরা জানান, “বিজরা বাজারের দুটি শিক্ষা প্রতিষ্ঠান সব সময় কিছু প্রভাবশালী মহলের দখলে থাকে। আমরা চাই, বিদ্যালয়টি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে পাক।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।