রাজশাহী জেলা প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রায় শত শত মোটরসাইকেল নিয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পথসভায় জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং উন্নয়নমুখী রাজনীতি, স্বচ্ছতা, ন্যায় ও ইনসাফভিত্তিক প্রশাসন গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “জনগণের সম্পৃক্ততা ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। রাজশাহী-৫ আসনকে উন্নয়ন ও শান্তির মডেল আসন হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”
শোভাযাত্রায় জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা শুরা সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, মাওলানা আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা আমির মাওলানা মনজুর রহমান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মনসুরুল হক মন্টু, দুর্গাপুর উপজেলা আমির মাস্টার সাইফুল ইসলাম ও সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিনসহ স্থানীয় ইউনিয়ন ও পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুঠিয়া ও দুর্গাপুরের সাধারণ জনগণের মধ্যেও এই শোভাযাত্রাটি ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।