নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | বুধবার, ৫ নভেম্বর ২০২৫
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের পূর্ব বায়েজিদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, হামলায় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন এবং তার সঙ্গে থাকা দলের নেতা সরওয়ার হোসেন বাবলা নিহত হয়েছেন।
এ সময় আরও একজন কর্মী ইরফানুল শান্ত আহত হন।
স্থানীয় বিএনপি কর্মীরা আহতদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সরওয়ার বাবলা মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ওসি জসিম উদ্দিন বলেন, “হামলার কারণ বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে।”
বাবলা ও ছোট সাজ্জাদ গ্রুপের বিরোধ
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সরওয়ার হোসেন বাবলা চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন।
তার সঙ্গে নগরের আরেক সন্ত্রাসী ছোট সাজ্জাদ–এর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ছোট সাজ্জাদ বর্তমানে কারাগারে আছেন। দুইজনই অতীতে ছাত্রশিবিরের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের সহযোগী ছিলেন।
পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাবলা ও ছোট সাজ্জাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।
গত এক বছরে ছোট সাজ্জাদ গ্রুপের হামলায় বাবলার অন্তত পাঁচজন সহযোগী নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে।
ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না বর্তমানে কারাগারে রয়েছেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এই পুরোনো বিরোধ থেকেই হামলার সূত্রপাত হতে পারে।
রাজনৈতিক প্রতিক্রিয়া
এ ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি নিহত সরওয়ার বাবলার আত্মার মাগফিরাত কামনা করে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।