রাজশাহী প্রতিনিধিঃ
অবিলম্বে নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধ ও তা বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সচেতন রাজশাহীবাসী’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, প্রিপেইড মিটার স্থাপনের পর সাধারণ গ্রাহকরা নানা প্রযুক্তিগত জটিলতায় পড়েছেন। ওভারলোড হলে বিদ্যুৎ চলে যাওয়া, লো ব্যাটারিতে মিটার লক হয়ে যাওয়া, ভুল বা পুরনো টোকেন লোড করলে মিটার কাজ না করা—এমন সমস্যায় ভোগান্তি বাড়ছে। পাশাপাশি অতিরিক্ত বিল, রিচার্জের বাড়তি খরচ ও চার্জ দেওয়ার পর সংযোগ পুনরুদ্ধারে বিলম্বের অভিযোগও তুলে ধরেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারী এম এ সবুর বলেন, “আগামী সাত দিনের মধ্যে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে। বিদ্যুতের স্ল্যাব সমন্বয় ও ডিমান্ড চার্জ বাতিল করতে হবে। নতুন সংযোগে জটিলতাও দূর করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

এ সময় আরও বক্তব্য দেন রাজশাহী নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, সমাজসেবক এ বি সিদ্দিক এবং ২ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।