কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় রাতের আঁধারে জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ, ভয়ভীতি প্রদর্শন ও হত্যাচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভূক্তভোগী ব্যক্তি।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় শহরতলীর কুচাইতলী এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন অভিযোগকারী মো. ইউনুছ মিয়া।

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে দেখেন তার পৈতৃক সাড়ে ৪৭ শতক জমিতে রাতের অন্ধকারে ইট-সিমেন্টের বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে। দাবি অনুযায়ী, জমিটি ১৯৮৮ সালে বারপাড়া মৌজায় দলিল নং ১৪৬৬ অনুযায়ী রেজিস্ট্রি করা।

ইউনুছ মিয়ার অভিযোগ, গত ১৭ জুলাই রাত ১০টার পর আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যানের ছেলে আবুল বাশার ও মাহফুজ মিয়া, রেনু মিয়ার ছেলে হেলালসহ ১০-১২ জন লোক তার জমিতে প্রায় ৭০-৮০ ফুট লম্বা দেয়াল নির্মাণ করেন। বিষয়টি জানার পর পরদিন তিনি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগের পর তাকে হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও দাবি করেন তিনি। ইউনুছ মিয়া বলেন, “আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত আইনি প্রতিকার ও নিরাপত্তা চাই।”

সংবাদ সম্মেলনে স্থানীয় মুরব্বি ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অভিযোগ তুলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ইউনুছ মিয়াকে হয়রানি না করার আহ্বান জানান।

অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসনের তদন্ত প্রয়োজন বলে জানান স্থানীয়রা।