মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসন থেকে প্রার্থী হিসেবে লড়বেন বিএনপি’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য, জেলা বিএনপি’র সভাপতি, বর্তমান আহ্বায়ক এবং সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর বড় মেয়ে জননেত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জ-৩ আসনটি সাটুরিয়া উপজেলা এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ও ভাড়ারিয়া ইউনিয়ন ব্যতীত অন্যান্য এলাকা নিয়ে গঠিত।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণার দেন। এ সময় দলটির সম্ভাব্য ২৩৭টি আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলো পরবর্তীতে জানানো হবে। এর বাইরে কিছু নির্বাচনী আসন শরিক দলগুলোকে দেওয়া হবে।”
তার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা ও বর্তমান রাজনৈতিক অবস্থায় করণীয় বিষয়ে বিশদ আলোচনা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে বলেও ইসি সূত্র জানিয়েছে।