জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আসন্ন জকসু ও হল সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবিরের জবি শাখা। সংগঠনটির অভিযোগ, নির্বাচন বিলম্বের প্রচেষ্টার মাধ্যমে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা করছে।
আজ সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনারের বরাবর স্মারকলিপি জমা দেয় জবি শিবির। এতে পূর্বঘোষিত ২৭ নভেম্বরেই জকসু নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, “সম্প্রতি আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এই জকসু নির্বাচনকে বানচাল করতে একটি গোষ্ঠী সক্রিয় হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত তারিখ অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি।”
সংগঠনটির দাবি, ১৩ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর জাতীয় দিবস ও বিভিন্ন অনুষ্ঠান থাকায় তখন নির্বাচন করা সম্ভব নয়। এরপর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে জকসু নির্বাচন আরও জটিল হবে। সেক্ষেত্রে শীতকালীন ছুটির পর শিক্ষার্থীরা হলে না থাকায় ডিসেম্বর পরবর্তী সময় নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়বে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠার ২০ বছর পর এবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন হচ্ছে। প্রশাসন ইতোমধ্যে রোডম্যাপ প্রকাশ, নির্বাচন প্রস্তুতি কমিটি এবং নির্বাচন কমিশন গঠন করেছে। তাই নির্ধারিত তারিখে নির্বাচন করতেই হবে বলে দাবি সংগঠনটির।