ঝালকাঠি প্রতিনিধিঃ

৩ নভেম্বর ২০২৫ঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক তৎপরতা জোরদার হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখনো সব আসনে প্রার্থী চূড়ান্ত করেনি। বিশেষভাবে আলোচনায় রয়েছে ঝালকাঠির দুইটি আসন—ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি)।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩২টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় ঝালকাঠি-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

দলীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে ইলেন ভুট্টো ঝালকাঠি-২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও কর্মী-সমর্থকদের নিয়ে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন। নলছিটি ও সদর উপজেলায় তাঁর প্রচারণায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। সূত্র বলছে, এ আসনে একাধিক নাম বিবেচনায় রয়েছে এবং দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঘনিয়ে আসায় দ্রুত প্রার্থী ঘোষণা মাঠপর্যায়ের সংগঠনে গতি আনতে সহায়ক হবে। প্রার্থী ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক আলোচনা ও উত্তেজনা ইতোমধ্যেই বেড়েছে