ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে প্রবীণ সাংবাদিক, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের নান্দাইল উপজেলা প্রতিনিধি মরহুম ফজলুল হক ভূঁইয়া’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকাল ৫টায় নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকের অবদানের কথা স্মরণ করেন বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিটন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজী, সিনিয়র সাংবাদিক হাজী রফিকুল ইসলাম খোকন, দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, প্রেসক্লাব নেতৃবৃন্দ সেলিম ভূঁইয়া, মাহাবুব আলম কাজল, আমিনুল ইসলাম আশিক, নজরুল ইসলাম, তাইজুল ইসলাম, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির ও সদস্য মোঃ রহমত উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন মরহুমের ছেলে জিয়া ইবনে হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ফজলুল হক ভূঁইয়া ছিলেন নান্দাইল অঞ্চলের সাংবাদিকতার দৃঢ় স্তম্ভ এবং নান্দাইল প্রেসক্লাবের চার বারের সাবেক সভাপতি। সাংবাদিকতার উন্নয়নে তাঁর অবদান অপরিসীম ছিল।
শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মিজানুর রহমান।