কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা: সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র দিন দিন অনিরাপদ হয়ে উঠছে এবং তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন কুমিল্লার সাংবাদিকরা।
২ নভেম্বর ২০২৫, রোববার কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস উপলক্ষে সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার আয়োজনে নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওমর ফারুকী তাপস। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাব সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও হত্যার ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে তদন্ত দুর্বল থাকে এবং দোষীরা শাস্তি পায় না। সাগর-রুনি হত্যা মামলার বিচার দীর্ঘদিনেও সম্পন্ন না হওয়া এর বড় উদাহরণ। যখন অপরাধীরা শাস্তি পায় না, তখন তারা আরও উৎসাহিত হয়, ফলে সাংবাদিকতার পরিবেশ অস্থিতিশীল হয়ে ওঠে।

তাঁরা আরও বলেন, অনেক সময় হামলাকারীরা ক্ষমতাধর হওয়ায় আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার প্রক্রিয়া সুষ্টুভাবে কাজ করতে পারে না। এতে সাংবাদিকরা পেশাগত নিরাপত্তাহীনতায় ভোগেন এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত হন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহবায়ক নীতিশ সাহা, দৈনিক বাংলার আলোড়ন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি জাহিদ হাসান, আমাদের সময়ের সাইয়িদ মাহামুদ পারভেজ, ইনকিলাবের সাদিক মামুন, সময় টিভির বাহার রায়হান, আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সমাজকণ্ঠ সম্পাদক জসিম উদ্দিন চাষীসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। পরে গত এক বছরে হামলা, মামলা ও নির্যাতনের শিকার ১০ জন সাংবাদিককে ফুল ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

বক্তারা বলেন, “বর্তমানে সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র অনিরাপদ হয়ে উঠেছে এবং তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত ও প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।”