নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় আবু তাহেরের দুই ছেলে—ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জমিসংক্রান্ত বিরোধের কারণে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফোর্স মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

নিহতদের পরিবার জানায়, সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুর ১২টার দিকে অভিযুক্ত আউয়াল তার ছেলে শিপন, রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০-১২ জন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা চালায়। বাধা দিতে গেলে ফুরা মিয়া ও তার ভাই শাকিলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।