ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা সমবায় অফিসের আয়োজনে প্রথমে একটি র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন মাওলানা মোঃ মুরশালীন ইসলাম।
উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোহাঃ আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন ও গ্রাম আদালত প্রকল্প সমন্বয়ক সন্ধ্যা রানী।
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো যা গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ কাইফুল ইসলাম। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন প্রগতির সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম।