কুমিল্লা প্রতিনিধি:

খুলনা সিটি কর্পোরেশন এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেন (৫০) কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাজার ফুটওভার ব্রিজের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, সকাল ৭টার দিকে ঢাকা গামী স্টার লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে যাত্রী মনির হোসেনকে জিজ্ঞাসাবাদের পর তার আসনের নিচে রাখা বাদামি রঙের একটি ট্রাভেল ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার মনির হোসেন খুলনা সিটি কর্পোরেশনের পশ্চিম সেনপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

ওসি রুহুল আমিন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে মাদক ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের ধারণা, দেশের বিভিন্ন অঞ্চলে তার একটি সক্রিয় মাদক সরবরাহ চক্র রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।