কুমিল্লা প্রতিনিধি :-
কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে কোতোয়ালি মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন সড়কে আকস্মিকভাবে ওই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশের নজরে আসে। ঘটনাটির পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টদের আটক করে।
আটককৃতরা হলেন—আকরাম হোসেন ওকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান ওরফে বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৬)।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এক কর্মকর্তা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়া এবং সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কুমিল্লায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।