চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিচিন্তা গ্রামে বন্দুকবাজদের মতো ভয়ংকর ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ১০–১৫ জনের একটি ডাকাতচক্র স্থানীয় আব্দুল মজিদ মিস্ত্রির বাড়িতে ডাকাতি চালায়। ডাকাতদল গলায় ছুরি ধরে পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে সাড়ে তিন ভরি স্বর্ণ ও ৫২ হাজার টাকা লুট করে নেয়।

ভুক্তভোগী নুর উদ্দীন বলেন, “রাতের আঁধারে মুখোশধারী ডাকাতরা ঘরের দরজা ভেঙে ঢুকে আমাকে গলায় ছুরি ধরে জিম্মি করে। পরে আমার হাত-পা ও চোখ বেঁধে ফেলে। তারা আমার ভাবির গয়না ও নগদ টাকা নিয়ে যায়।”

প্রত্যক্ষদর্শী নুরুল করিম বাবলু জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছে হওয়ায় ডাকাতদল দ্রুত পালিয়ে যায়। তিনি বলেন, “মসজিদের মুয়াজ্জিন ফজরের আযান দিতে উঠে কান্নার শব্দ শুনে জানতে পারেন ঘটনার কথা। পরে সবাই এসে ডাকাতির ঘটনা নিশ্চিত হয়।”

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে টিম পাঠিয়েছে। এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রামে ডাকাতির এ ঘটনা আতঙ্ক তৈরি করেছে স্থানীয়দের মধ্যে।