ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে সালথা উপজেলা যুবদল।

“গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনের শুরুতে কুমারদীসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশি প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন যুবদল নেতারা। পরে উপজেলার বিভিন্ন সড়কের পাশে ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। কর্মসূচির শেষপর্বে সালথা সদর বাজারসহ বিভিন্ন বাজারে পথচারীদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ এবং সঞ্চালনা করেন মো. এনায়েত হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মিরান হোসাইন, ফরিদ হোসাইন, খোকন মাতুব্বর, ইমরান হোসেন, জসিম মোল্লা, ইয়াসিন মোল্লা, তরিকুল ইসলাম লায়েক, শিমুল মিয়া, মোহাম্মদ রাসেল, মামুন হোসেন, কাজী মতিউর রহমান, মোশারফ হোসেন মুসা, বেলায়েত হোসেন, কবির হোসেন, মো. মহিন বিশ্বাস, সোহেল রানা প্রমুখ। এছাড়াও উপজেলা আরাফাত রহমান খোকা স্মৃতি সংসদের সভাপতি মো. ইয়াসিন বিশ্বাস ও ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের পক্ষ থেকে হাসান আশরাফ বলেন, “আমরা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর নেতৃত্বে কর্মসূচি করেছি। যুবদল সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও যুবসমাজকে সংগঠিত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।”